‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আওয়ামীপন্থী ২ আইনজীবী

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আওয়ামীপন্থী ২ আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলার ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছেন আওয়ামীপন্থী দুই আইনজীবী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পর সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালে পৌঁছান তারা।

এ সময় তাদের সঙ্গে আওয়ামীপন্থী আরও কয়েকজন আইনজীবী এলেও নিরাপত্তার স্বার্থে সবাইকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেয়া হয়নি। আজ হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেবেন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে এই দুই আইনজীবীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

সেদিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যকারী ওই দুই ব্যক্তি আইনজীবী হওয়ায় তাদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে জানায় প্রসিকিউশন।