ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তার পাশে প্রধানমন্ত্রী

ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তার পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আহত সেনা কর্মকর্তার সুস্থতা কামনা এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে জানিয়েছেন তাঁর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তিনি জানান, হাসপাতালে আহত সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহস ও সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

উপ-প্রেস সচিব আরও জানান, দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।