অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় অপর দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বিএসএফের গুলিতে গুরুতর আহত আসাদুল্লাহকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দিনাজপুরের অধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিইও) লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের সংবাদ তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে ও বিস্তারিত জানতে প্রয়োজনীয় খোঁজখবর নেয়া হচ্ছে।